মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর সুন্নাহর মর্যাদা, প্রয়োজনীয়তা এবং দৈনন্দিন জীবনে তা অনুসরণের গুরুত্ব নিয়ে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়। ‘বায়দা…
মিন ওয়াহই আল-সামা’ (আসমানি ওহি থেকে অনুপ্রাণিত) শীর্ষক এই কার্যক্রমটি ২ নভেম্বর শুরু হয়েছে এবং ১৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর মূল লক্ষ্য হলো ইসলামি শরিয়তের অন্যতম উৎস হিসেবে সুন্নাহর প্রামাণিকতা এবং কোরআনের সঙ্গে এর গভীর সম্পর্ক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা।
প্রচারাভিযানের মূল আলোচনা
- ৬ নভেম্বর: জুমার খুতবার আলোচ্য বিষয় ছিল ‘সম্পদ একটি আমানত: স্থায়ী কল্যাণের গুরুত্ব’।
- ১৩ নভেম্বর: খুতবায় ‘অপচয় করবেন না: ভোগের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা’ শীর্ষক বিষয়ে আলোচনা করা হয়।
- মূল বার্তা: দৈনন্দিন আর্থিক লেনদেন ও সামাজিক জীবনে রাসুলুল্লাহ (স.)-এর শিক্ষা মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।
- নৈতিক শিক্ষা: সততা, পরিমিতিবোধ ও সম্পদের দায়িত্বশীল ব্যবহারের পাশাপাশি অপচয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
দেশটির বিভিন্ন মসজিদে জুমার খুতবার মাধ্যমে এই শিক্ষামূলক বার্তাগুলো প্রচার করা হচ্ছে।
আওকাফ মন্ত্রণালয় জানিয়েছে, সমাজের সর্বস্তরের মানুষের কাছে ধর্মীয় শিক্ষা পৌঁছে দেওয়ার কার্যকর মাধ্যম হলো জুমার খুতবা। এই কর্মসূচির মাধ্যমে ইসলামের শরিয়াহ নির্দেশিত নীতিমালাগুলোকে বাস্তব জীবনে প্রয়োগের উপযোগী করে তোলা এবং মহানবী (স.)-এর সুন্নাহর চর্চাকে আরও শক্তিশালী করার প্রয়াস চালানো হচ্ছে।

















