ওমানের রাজধানী মাস্কাটে এক প্রবাসীর কাছ থেকে ১৮ হাজার ওমানি রিয়াল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় তিন এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। ভুক্তভোগী প্রবাসী এবং গ্রেপ্তার হওয়া তিন ছিনতাইকারী—সবাই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
পুলিশের ভাষ্যমতে, ঘটনার দিন রাস্তায় ওই প্রবাসীকে গতিরোধ করে অভিযুক্তরা। এ সময় তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর কাছে কাগজপত্র ও পরিচয়পত্র দাবি করে। ভয়ভীতি প্রদর্শন করে তারা জোরপূর্বক তার কাছে থাকা ১৮ হাজার রিয়াল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক কাছে থাকা ১৮ হাজার রিয়াল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই চক্রটি।
তদন্তে নেমে মাস্কাট পুলিশ দ্রুততম সময়ের মধ্যে দুজনকে আটক করতে সক্ষম হয়। তৃতীয় ব্যক্তি ঘটনার পরপরই ওমান ত্যাগ করে অন্য দেশে পালিয়ে গিয়েছিল। তবে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাকেও ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা সম্ভব হয়েছে।
এ ধরনের অপরাধের প্রেক্ষিতে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলেই কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। যেকোনো মূল্যবান অর্থ বা জিনিসপত্র হস্তান্তরের আগে সংশ্লিষ্টদের সঠিক পরিচয় নিশ্চিত করতে হবে এবং পরিচয়পত্র যাচাইয়ের বিষয়ে সতর্ক থাকতে হবে।

















