সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত ক্লক টাওয়ার নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। ভবনের মধ্যে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে স্থাপনাটিকে এই আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই টাওয়ারের ঝুলিতে এখন অন্তত পাঁচটি গিনেস রেকর্ড জমা হলো। মক্কা শহরের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার উন্নয়নে কাজ করা রয়্যাল কমিশন সম্প্রতি এই দুটি সনদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুসারে, ক্লক টাওয়ারের ভেতরে থাকা জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। এর পাশাপাশি ভবনটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটি রয়েছে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায়। এই উচ্চতা থেকে পবিত্র মসজিদুল হারাম এবং পুরো মক্কা নগরীর দৃশ্য উপভোগ করা সম্ভব। দর্শনার্থীরা এখান থেকে শহরের স্থাপত্যশৈলী ও নগরজীবনের এক অনন্য রূপ দেখার সুযোগ পান।
২০১২ সালে নির্মিত ৬০১ মিটার উচ্চতার এই ক্লক টাওয়ারটি আবরাজ আল-বাইত কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিশাল টাওয়ারের ওপরে থাকা ৭১ মিটার উঁচু চূড়াসহ ভবনের মোট উচ্চতা ৬০১ মিটার। ২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া এই জাদুঘরে মক্কার ইতিহাস, সময় পরিমাপের বৈজ্ঞানিক পদ্ধতি এবং ক্লক টাওয়ার নির্মাণের প্রকৌশলগত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এছাড়া জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির বিবর্তনও এখানে প্রদর্শিত হচ্ছে।
ক্লক টাওয়ারের চারপাশ জুড়ে থাকা চারটি ঘড়ির ডায়ালও বিশ্বব্যাপী সমাদৃত। প্রতিটি ডায়ালের ব্যাস ৪৩ মিটার, যা লন্ডনের বিখ্যাত এলিজাবেথ টাওয়ারের তুলনায় প্রায় ছয় গুণ বড়। এই ঘড়ির অসামান্য আকারের জন্য ২০১১ সালের ২৮ নভেম্বর প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পায় স্থাপনাটি।
এর আগে বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় স্থাপিত ঘড়ির ডায়ালের রেকর্ডও এই টাওয়ারের অধীনে ছিল। নতুন দুটি স্বীকৃতির মাধ্যমে স্থাপত্য ও প্রকৌশল বিদ্যার ক্ষেত্রে ক্লক টাওয়ারটি আবারও বিশ্ববাসীর নজরে এলো।
রয়্যাল কমিশনের মতে, এই স্বীকৃতিগুলো মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধির পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বিশ্বের নানা প্রান্ত থেকে আগত হজ ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা উন্নত করার প্রচেষ্টাকে আরও বেগবান করবে। মক্কার সমৃদ্ধ ঐতিহাসিক ও বৈজ্ঞানিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।















