মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং এর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের একটি প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী সংসদকে জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতিমধ্যে এ বিষয়ে সুনির্দিষ্ট আদেশ জারি করেছে। ওই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে ঢোকা কিংবা তা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি স্পষ্ট করেন যে, এ ধরনের নীতিমালা প্রণয়নের পূর্ণ এখতিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের হাতে রয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে চলমান প্রেক্ষাপট তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগ ফেরানোর লক্ষ্যে অনেক দেশেই মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ দেওয়া হচ্ছে। কোথাও কোথাও সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে তা বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশেও সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

















